লোহাগাড়ায় ফিলিং স্টেশনে ইউএনওর অভিযান, বৈধ কাগজ ছাড়া তেল নয়

লোহাগাড়া উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এ সময় তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কোনো যানবাহনের বৈধ কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া জ্বালানি তেল সরবরাহ করা যাবে না।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সংকটের অজুহাতে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহে অনিয়ম রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
অভিযানের সময় তিনি ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের সতর্ক করে বলেন, আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পরিদর্শনকালে তিনি বিভিন্ন ফিলিং স্টেশনের লাইসেন্স, মজুত তেল এবং বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্টদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও সাইফুল ইসলাম।






