লোহাগাড়ায় প্রবাসীর বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খাঁন চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রবাসী জুনু মিয়া ওই এলাকার বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মো. রাকিব জানান, তাদের বসতঘর থেকে প্রায় ৫০০ গজ দূরে তার চাচার বাড়িতে চাচাতো বোনের বিয়ের পানছল্লা অনুষ্ঠান ছিল। এ কারণে পরিবারের সবাই রাতের দিকে বসতঘরে তালা লাগিয়ে অনুষ্ঠানে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তারা ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা বসতঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে আনুমানিক ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ প্রায় ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






