লোহাগাড়ায় কাভারভ্যানের চাপায় কিশোর নিহত, আহত ১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাভারভ্যানের চাপায় ইশফাত (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রাফি (১৮) নামের আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার আধুনগর বাসস্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফাত উপজেলার উজিরভিটা মজিদার পাড়া গ্রামের মো. তৈয়বের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি কাভারভ্যানের নিচে পড়ে যান মোটরসাইকেলের দুই আরোহী। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রাফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






