লোহাগাড়ায় এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
লোহাগাড়া উপজেলার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসএসসি-৯৩ ব্যাচের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় এ উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রায় ১শত শিক্ষার্থীর গাইড বউ, খাতা, কলম, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের সাবেক কয়েকজন দপ্তরিকেও নগদ টাকার চেক প্রদান করা হয়।
এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী লায়লা বিলকিছ রুনার সঞ্চালনায় প্রবাসী দাউদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন- বেলকন কান্তি নাথ, সামশুনন্নাহার, সুধাংশু বড়ুয়া, রাশেদা বেগম, হাসিনা বেগম, নুর আয়শা, জান্নাত আরা বেগম, মো. আলমগীরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শুধু সহায়তা নয়, এটি তাদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগায়। এ ধরনের উদ্যোগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথকে সহজ করে তোলে। তারা ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজ করতে পারে সেই লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন বক্তারা।






