লোহাগাড়ায় অবৈধ কসমেটিকস কারখানায় অভিযান ও জরিমানা

লোহাগাড়ায় কেমিক্যাল ব্যবহার করে অবৈধভাবে প্রসাধনী সামগ্রী উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলুরঘাট রোডস্থ জিসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, মেসার্স বিএম হারবাল অ্যান্ড কসমেটিকস নামে প্রতিষ্ঠানটি লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই প্রসাধনী সামগ্রী উৎপাদন করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটি মিথ্যা ঠিকানা ব্যবহার করছিল বলে জেনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কারখানা থেকে ‘নিউ নিম পাতা হেয়ার রিমুভাল ক্রিম’, নওরিন ওয়াটার গ্লস/ওয়েট লুক হেয়ার জেল সফট, বিপুল পরিমাণ খালি লেবেল এবং টিউব মেহেদির লেবেল জব্দ করা হয়। অবৈধভাবে কসমেটিকস উৎপাদনের দায়ে কারখানার কর্মচারী জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া যথাযথ লাইসেন্স ও নিবন্ধন ছাড়া কোনো ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত না করতে কারখানা মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এএসআই মনছুর আলমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।






