লামায় ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচির উদ্বোধন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’। এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে লামা ফায়ার স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সপ্তাহের সালাম গ্রহণ এবং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় পতাকা এবং লামা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফায়ার স্টেশনের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই উদযাপনের অংশ হিসেবে পরবর্তী দিনগুলোতেও (২১ ও ২২ মে) বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এলাকার বিভিন্ন হাসপাতাল, হাটবাজার, গুরুত্বপূর্ণ শপিং মল ও শিল্পকারখানা পরিদর্শন, অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণে লিফলেট বিতরণ এবং সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মাইকিং প্রচারণার মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর সমাপ্তি ঘটবে।









