লামায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বান্দরবানের লামায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"। ১৩ জুন (শনিবার) বিকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বৃহৎ পরিবেশবান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বৃক্ষ রোপন করেন। আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এস এম কবির উদ্দিন, স্টেশন অফিসার রনি পারভেজ, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে
বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এবছর লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা লাগানো হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায় সরকারের এই ২৫ কোটি বৃক্ষরোপণ মেগা প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা সাধারণ জনগণকে যার যার খালি জায়গায় অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।









