লামায় ২ বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গভীর রাতে দুটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত একটি ডাকাত দল বাড়ি দুটিতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ও টর্চলাইট লুট করে। এ সময় লুটপাটের পাশাপাশি বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২২ জুন) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাঙ্গাঝিরি গ্রামের মৃত নুরুল হকের ছেলে নুর আলম এবং একই গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তারের বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে তাণ্ডব চালায়।
নুর আলমের বাড়ি থেকে ডাকাত দল ২টি মোবাইল ফোন, ১টি বিদেশি লাইট ও নগদ ৪,০০০ টাকা লুটে নেয়। এরপর তারা পাশের বুলবুলি আক্তারের বাড়িতে প্রবেশ করে ৪টি মোবাইল ফোন ও ৪টি টর্চলাইট ছিনিয়ে নেয়। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতরা বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) মিনহাজুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীদের শনাক্তে পুলিশি অভিযান জোরদার রয়েছে।









