লামায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনমত গঠনে বান্দরবানের লামা উপজেলায় গণসংযোগ ও গণমিছিল করেছে ১১ দলীয় জোট। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জোটের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উপজেলার প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় জোটের শরিক দলগুলোর স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
জনসভায় বান্দরবান ৩০০ নম্বর আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।” তিনি নির্বাচিত হলে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহিম ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাজমুল হাসানসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়।










