লামায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"এই স্লোগানকে সামনে রেখে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বান্দরবানের লামায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১ মে) বিকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তারা বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের বর্তমান শ্রমনীতি ঢেলে সাজাতে হবে,পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা,জাতীয়ভাবে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন এবং শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং শ্রমজীবী মানুষের জন্য সরকারিভাবে রেশনিং ব্যবস্থা চালু করা জরুরি। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং সবার জন্য ঝুঁকিমুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর আহ্বান জানানো হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা সভাপতি মমতাজুর রহমান আকবরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মো. মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:মো.শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা।মোহাম্মদ সাকিবুল ইসলাম মারুফ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লামা উপজেলা।
মো.আসাদুল্লাহ, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা পৌরসভা।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল ও বিপুল সংখ্যক শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









