লামায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

"সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপন হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির মো. কাজী ইব্রাহীম,উপজেলা এনসিপি সভাপতি নাজমুল হাসান,উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন বাহার,শ্রমিক নেতা বেলাল উদ্দিন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের অধিকার প্রতিষ্ঠিত হয়। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের প্রতীক।শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা একটি উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। বর্তমান সরকার ও প্রশাসন শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।









