লামায় মসজিদ,মাদ্রাসার জায়গা উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চিউনিপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার জায়গা আওয়ামী সন্ত্রাসী আব্দুর রউফ তাতী কর্তৃক জবরদখল এবং মসজিদের জায়গা পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমান হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রবিবার (২৬ এপ্রিল ২০২৬ইং) দুপুরে লামা প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মসজিদ ও মাদ্রাসার পক্ষে মূল বক্তব্য রাখেন, চিউনিপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি মোঃ আব্দুর রব ও সদস্য মনিরুল ইসলাম রিপন।
আব্দুর রব বলেন, মসজিদ ও মাদ্রাসার নামে জি হোল্ডিং ৩৩৪, ৩৩৫, ১৮০২, ১৮০৮ মূলে ১৯ একর ১১ শতক জায়গা রয়েছে। এখানে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা স্থাপন করা হয়। এই জায়গা থেকে এলাকায় ভুয়া মুক্তিযোদ্ধা ও আওয়ামী সন্ত্রাসী আব্দুর রউফ তাতী প্রায় ৪ একর জায়গা জবরদখল করেছে। উক্ত জায়গা উদ্ধারে মসজিদ কমিটি তৎপরতা চালালে আব্দুর রউফ তাঁতী কমিটি ও এলাকার লোকজনের নামে অসংখ্য মামলা করে হয়রানি করছে। মসজিদের এই জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে উদ্ধার হবে বলে আশা করছি।
মসজিদ কমিটির সদস্য মনিরুল ইসলাম রিপন বলেন, মসজিদের জায়গা উদ্ধারে বিগত ১৬ বছর আমরা সন্ত্রাসী আব্দুর রউফ তাঁতীর মিথ্যা মামলা দ্বারা হয়রানি হচ্ছি। নতুন করে সে আবার চাঁদাবাজি মামলা করে আমাদের লোকজনকে হয়রানি করছে। লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা নং সিআর ১৮/২৫। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকার কাছে সহায়তা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চিউনিপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম মাষ্টার, সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, মসজিদের ঈমাম হাফেজ মাওলানা জিয়াউল হক, সদস্য মনিরুল ইসলাম রিপন, মহসিন আলম সদস্য, রবিউল ইসলাম, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, বাবুল মৃদা, মতিন হুজুর সহ প্রমূখ।









