লামায় বন্যা-পরবর্তী চরম দুর্ভোগ,কাদা আর ময়লায় অবরুদ্ধ পৌর শহর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

লামায় বন্যা-পরবর্তী চরম দুর্ভোগ,কাদা আর ময়লায় অবরুদ্ধ পৌর শহর

লামায় বন্যা-পরবর্তী চরম দুর্ভোগ,কাদা আর ময়লায় অবরুদ্ধ পৌর শহর
ছবি সংগৃহীত।

টানা ভারী বর্ষণ ও মাতামুহুরি নদীর উপচে পড়া পানিতে প্লাবিত হওয়ার পর,বান্দরবানের লামা পৌর শহর থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথেই ভেসে উঠেছে দুর্যোগের আরেক নির্মম চিত্র। বন্যার স্রোতে ভেসে আসা পলিমাটি, প্লাস্টিক বর্জ্য, গৃহস্থালি আবর্জনা এবং বাজারের পচা উচ্ছিষ্ট মিলে পুরো পৌর শহর এখন এক বিশাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।দ্রুত এই ময়লা অপসারণের জোর দাবি জানিয়েছেন লামা বাজারের ব্যবসায়ীরা।

শুক্রবার (১০জুলাই) সকালে ​সরেজমিনে লামা বাজারের বিভিন্ন গলি ও প্রধান সড়কগুলোতে দেখা যায়, চারদিকে থৈথৈ করছে কাদা আর আবর্জনা। পানি কিছুটা কমলেও রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী হয়ে আছে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ময়লা-কাদা মাড়িয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। দোকানপাটের সাটার বন্ধ করে অনেক ব্যবসায়ীকে ভেতরের কাদা ও ময়লা পরিষ্কারে ব্যস্ত থাকতে দেখা গেছে।

একই সাথে সড়কে জমে থাকা আবর্জনার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয় ব্যবসায়ীরা জানান, বন্যায় তাদের দোকানপাটের মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি এখন এই বর্জ্যের কারণে তারা চরম বিপাকে পড়েছেন। দ্রুত এই ময়লা-আবর্জনা এবং কাদা অপসারণ করা না হলে বাজারে ব্যবসা-বাণিজ্য শুরু করা অসম্ভব হয়ে পড়বে। একই সাথে ডেঙ্গু বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন পৌরবাসী।

​পৌর এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা শহরটিকে দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং জনজীবন স্বাভাবিক করতে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য,​টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলায় এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে, অন্যদিকে আজিজনগর ইউনিয়নে এক মর্মান্তিক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন এবং অন্য একটি পরিবারের ২ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

লামা পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন,বন্যা পরবর্তী পৌর শহরে ময়লা প্রসারণের জন্য দ্রুত  ব্যবস্থা নেওয়া হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”