লামায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

লামায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

লামায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় এক প্রবাসীর পৈতৃক জমি বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করে।

মঙ্গলবার​(২৩ জুন) ভোরে উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী প্রবাসী শামসুল আলম ও তার পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় মৃত খলিলুর রহমানের পৈতৃক ওয়ারিশ সূত্রে এই জমির মালিক তাঁর সন্তান মোহাম্মদ ইসলাম, মোঃ মুসা,মোহাম্মদ ফরিদুল আলম ও মোহাম্মদ শামসুল আলম। এই জমিতে আরও দুই অংশীদারের (ওয়ারিশ) রয়েছে।

​অভিযোগ রয়েছে, এই জমির বৈধ অংশীদার ও ওয়ারিশদের বিবাদী করে মোজাফ্ফর আহমদ গং একটি মামলা দায়ের করেছিল। তবে আদালত সেই মামলা খারিজ করে দিয়ে বর্তমান ওয়ারিশদের পক্ষে রায় প্রদান করেন।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ মোজাফ্ফর, মোস্তাক, মমতাজ ও ওসমানের নেতৃত্বে এবং মোজাফফরের ছেলের সহায়তায় আজ ভোরে প্রায় ১৫০/২০০ জনের একদল সশস্ত্র বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী আকস্মিক এলাকায় প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের চেষ্টা করে এ সময় প্রাণভয়ে বৈধ ওয়ারিশরা বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে আত্মরক্ষা করেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একদল যুবক মাঠের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া করছে, যা এলাকায় এক চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
​পুলিশের দ্রুত পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি
​জমিতে বহিরাগতদের অনুপ্রবেশ, লুটপাট ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়া মাত্র কেয়াজুপাড়া ফাঁড়ি পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধ দখলদারদের হটিয়ে দিতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত ​করে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দীপেন পাল জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি,বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। আইন অমান্য করে যারা শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”