লামায় পাহাড় কাটার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মো. লোকমান ইয়াংছা বাজার এলাকার সালেহ আহমদের ছেলে।
বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের জেরে মঙ্গলবার (১৯ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) এবং ১৫(১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসকারী পাহাড় ও বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।









