লামায় জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলায় জমি দখলে ব্যর্থ হয়ে নির্দোষ পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে চিত্ত রঞ্জন বড়ুয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় লামা চৌধুরী মার্কেটে অবস্থিত দৈনিক সংবাদ দিগন্তের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মো. আলমগীরের পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আলমগীরের ছেলে মো. জাহিদ। লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর দাদি মরহুমা মনেজা বেগম ১৯৭৯-৮০ সালে লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নের ২৫৫ নং লামা মৌজায় আর/০৮ নং হোল্ডিং মূলে ৫ একর ৩য় শ্রেণির জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত পান। পরবর্তীতে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে সেখানে ফলজ ও বনজ বাগান সৃজন এবং বসতঘর নির্মাণ করে তারা সুদীর্ঘ ৪৫-৪৬ বছর ধরে ভোগদখল করে আসছেন। দাদির মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে মো. আলমগীর উক্ত জমি দেখাশোনা ও ভোগদখল করছেন এবং স্থানীয় কোনো হোল্ডিং মালিকের সাথে তাঁদের কোনো বিরোধ নেই।
অভিযোগে তিনি আরও বলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের চিত্ত রঞ্জন বড়ুয়া উক্ত দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গা নিজেদের দাবি করে গত ২২ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (বান্দরবান)-এর আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি মামলা (নং- ১৬/২০২৬) দায়ের করেন। আদালত সহকারী কমিশনার (ভূমি), লামাকে বিষয়টি সরেজমিনে তদন্তের নির্দেশ দেন।
পরবর্তীতে ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুর রহমান ২৫৫ নং লামা মৌজার হেডম্যান ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন তাদের পক্ষে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২০ অক্টোবর চিত্ত রঞ্জন বড়ুয়া জমি গ্রহীতা মো. আলমগীর ও সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ঘুষ দাবির সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দাবি করে, জমি দখলে ব্যর্থ হয়ে চিত্ত রঞ্জন বড়ুয়া গং সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারা উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে লামা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।










