লামায় কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, কাল ভোট

বান্দরবানের লামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে ৪২টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ও নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়।
উপজেলা নির্বাচনি কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটাররা এবার সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপী ব্যালট—এই দুটি মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্গম পাহাড়ি কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে বিশেষ নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল সাড় সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুরো উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
লামা উপজেলায় ৪২টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার ৮৭ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ১ হাজার ২৭৫ জন সরকারি কর্মচারী ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”









