লামায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: মালামাল লুটের পাশাপাশি ভাত-তরকারি খেয়ে গেল ডাকাত দল!
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

লামায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: মালামাল লুটের পাশাপাশি ভাত-তরকারি খেয়ে গেল ডাকাত দল!

লামায় এক রাতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: মালামাল লুটের পাশাপাশি ভাত-তরকারি খেয়ে গেল ডাকাত দল!
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে আবারও এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এক রাতেই তিনটি পরিবারে হানা দিয়ে নগদ লক্ষাধিক টাকা,মোবাইল ও নতুন কাপড়চোপড় লুট করেছে ডাকাত দল। শুধু তাই নয়, ডাকাতি শেষে ঘরের হাঁড়িতে থাকা রান্না করা ভাত-তরকারি খেয়ে নির্বিঘ্নে চলে গেছে তারা।

​বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিমছড়ি পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আক্রান্ত পরিবারগুলো হলো স্থানীয় গরু ব্যবসায়ী আহমদ হোসেন, ছৈয়দ আমিন এবং গুরা পুতুর পরিবার।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাতে পাহাড়ী এলাকা থেকে ১০/১১ জনের একটি সশস্ত্র ডাকাত দল হিমছড়ি পাড়ায় হানা দেয়। তারা প্রথমে ছৈয়দ আমিনের বাড়িতে প্রবেশ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ঘরে থাকা রান্না করা ভাত-তরকারি খেয়ে বের হয়ে যায়। এরপর ডাকাতরা গুরা পুতুর বাড়িতে ঢুকে নগদ ৮ হাজার টাকা ও মোবাইল ফোন লুটের পাশাপাশি সেখানেও রান্না করা খাবার খেয়ে নেয়।
​সবশেষে ডাকাত দল স্থানীয় গরু ব্যবসায়ী আহমদ হোসেনের বাড়িতে চড়াও হয়। সেখানে তারা পরিবারের ৫ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এক কক্ষে নিয়ে হাত বেঁধে আটকে রাখে। এরপর ঘরে থাকা নগদ লক্ষাধিক টাকা ও নতুন কাপড়চোপড়সহ মূল্যবান মালামাল লুট করে।

​ভুক্তভোগী গৃহকর্তা আহমদ হোসেন বলেন, ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা আমার বুকে লাথি মারে এবং লাঠি দিয়ে আঘাত করে। আমার স্ত্রীকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর আমার ছেলেকে চড়-থাপ্পড় মেরে নির্যাতন শুরু করলে, জীবন বাঁচাতে ঘরে থাকা সব টাকা-পয়সা আমি তাদের হাতে তুলে দেই।

উল্লেখ্য, আজিজনগর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি লক্ষ্য করা যাচ্ছে। এর কিছুদিন আগেও একই ইউনিয়নে স্থানীয় সাংবাদিক কায়ছার হামিদ এবং ব্যবসায়ী জাহাঙ্গীরের বাসভবনেও একই ধরনের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

​এ বিষয়ে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহিম মুঠোফোনে সাংবাদিকদের  জানান,"আমি বর্তমানে পারিবারিক কারণে (বাবা গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি) ছুটিতে রয়েছি। তবে ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।"




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”