লামায় উপজেলা জামায়েতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) বিকালে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস ছালাম আজাদ।
উপজেলা জামায়েত এর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন। এরপর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা জামায়েত এর আমির কাজী মুহাম্মদ ইব্রাহীম। সম্মেলনে শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রশ্নোত্তর পর্ব, যা পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ নূরুল আমিন। এই পর্বে কর্মীরা বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি কর্মীদের নৈতিক ও চারিত্রিক মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।









