লামার ফাঁসিয়াখালীতে বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

লামার ফাঁসিয়াখালীতে বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি

লামার ফাঁসিয়াখালীতে বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ নেজাম উদ্দিন কোম্পানি। ইউনিয়নের দুর্গত এলাকার মানুষের কষ্ট লাঘবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি এই মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই)​সরেজমিনে দেখা যায় , ইউনিয়নের বন্যাদুর্গত ৭, ৮ ও ৯ নং এই তিনটি ওয়ার্ডের ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি পর্যায়ক্রমে এই ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

​ বিতরণ কার্যক্রমে শুকনো ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে নগদ অর্থও প্রদান করা হয়। বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, খাবার স্যালাইন ও শুকনো খাবার। দুর্যোগ কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে নেজাম উদ্দিন কোম্পানি নিজে উপস্থিত হয়ে বন্যাকবলিত মানুষের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এই ত্রাণসামগ্রী তাদের হাতে তুলে দেন।

​স্থানীয় সচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এই কঠিন মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের খোঁজখবর নিয়ে মোহাম্মদ নেজাম উদ্দিন কোম্পানি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলমান সংকটে এ ধরণের উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বড় ধরনের স্বস্তি ও আশার আলো জুগিয়েছে। তারা ভবিষ্যতেও তাঁর এমন জনকল্যাণমুখী ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
​ত্রাণ সহায়তা পেয়ে অত্যন্ত আবেগাপ্লুত ও সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ। প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত পরিশ্রমের মাধ্যমে যারা এই ত্রাণ বিতরণ কার্যক্রম সফল করেছেন, তারা নেজাম উদ্দিন কোম্পানিসহ তাঁর সহযোগী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”