লংলেই পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে সৌরচালিত সুপেয় পানির পাম্প উদ্বোধন

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা রোয়াংছড়ি উপজেলার লংলেই পাড়ার মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে সৌরচালিত সুপেয় পানির পাম্প স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, লংলেই পাড়ার বাসিন্দা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লংলেই পাড়ার বাসিন্দারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। সৌরশক্তিচালিত এ আধুনিক পাম্প চালু হওয়ায় এলাকার মানুষ সহজেই নিরাপদ সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন। এতে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে।
লংলেই পাড়ার কারবারি (পাড়াপ্রধান) বলেন, "দীর্ঘদিন ধরে দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। নতুন এ পাম্প চালু হওয়ায় আমাদের দুর্ভোগের অবসান ঘটল।" সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্পটি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।











