রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
ছবি সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।মন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে দুপুর ১২টায় দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।’এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।এ পর্যায়ে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পারমাণবিক বিক্রিয়া তৈরি করা হয়। এর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে চুল্লির শক্তি উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। এর আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন করা হয়েছে।আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চালানো হচ্ছে। স্টেজ ‘বি-১’ মোটামুটি সফলভাবে শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’, যেখানে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এ প্রক্রিয়ার পরই শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়।ক্রিটিক্যালিটি হলো পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন প্রতিষ্ঠার পর্যায়। এ অবস্থায় চুল্লির শক্তি উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হয়। উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম।সরকার আশা করছে, চলতি বছরের নভেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর চালু বা ফুয়েল লোডিংয়ের কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পের কার্যক্রম।




প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
ছবি সংগৃহীত।

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিমানের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

এর আগে ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দেয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট বিজি-৩৭৭।

বিষয়টি নিশ্চিত করে রাতে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইট বিজি-৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলম্বে উড্ডয়ন করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপকের উপস্থিতিতে বিমানের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফল মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে বাংলাদেশের উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।




নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা
ছবি সংগৃহীত।

দেশের বাজারে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 
ফলে নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা‌ এবং কেরোসিন ১৫৫ টাকা বহাল থাকবে।

বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার।

যা পরের দিন ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।




যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ছবি সংগৃহীত।

ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিট) উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি ধরা পড়ার পর প্রকৌশলীরা অবিলম্বে তা মেরামতের কাজ শুরু করেন। পরবর্তীতে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ফ্লাইটটির ত্রুটি সারাতে সক্ষম হয়।

ফ্লাইটের এক যাত্রী জানান, ভিভিআইপি যাত্রীদের নিয়ে বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিসংকেত দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেন।