রামু রাবার বাগানের গহীন অরণ্যে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

কক্সবাজারের রামু'র রাবার বাগানের গহীন অরণ্যে সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রামু থানার মামলা নং-৩১/১০৯, তাং ১২ মার্চ ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর তদন্তে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শওকত জামিল।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দু শুক্কুর (৩৮), গুরা মনিয়া (২২) ও হোছন (১৯)। গত ৮ মে থেকে ৯ মে পর্যন্ত রামু ও উখিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিম শামসুল আলম (৫১) এর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে কক্সবাজার সদর এলাকা থেকে মালামাল আনার কথা বলে ১ হাজার ২০০ টাকায় ভাড়া করা হয়। পরে তাকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ রামু রাবার বাগান কারখানার পেছনের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে অটোরিকশার চাবি দিতে অস্বীকৃতি জানালে আসামীরা ভিকটিমের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মুখে মাস্ক লাগিয়ে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে অটোরিকশাটি উখিয়ার মরিচ্যা এলাকার একটি ইটভাটার পাশে রেখে দেওয়া হয়। ঘটনার পরদিন ১১ মার্চ কোটবাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে অটোরিকশাটি ৩০ হাজার টাকায় বিক্রি করে তিন আসামী সমানভাবে টাকা ভাগ করে নেয় বলে জানায় পুলিশ।
এদিকে গ্রেফতারকৃত প্রধান আসামী আব্দু শুক্কুরকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত ও ছিনতাইকৃত অটো মিশুক গাড়িটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।







