রামুর জিহাদ হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলার আলোচিত বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখি (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
১৬ মার্চ বিকেলে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘরের বাইরে তালাবদ্ধ অবস্থায় ভেতরে পড়ে ছিল তার লাশ।
নিহত বেলাল উদ্দিন জিহাদ রামুর রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।
ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পরবর্তীতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেপ্তারকৃত তাহেরা বেগম আঁখি (৩২) উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকার বাসিন্দা। তার পিতা মোহাম্মদ মুসা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







