রামুর জাংছড়িখালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জাংছড়ি খালের বিভিন্ন স্থান থেকে নির্ধারিত এলাকা ও কোনো অনুমোদন ছাড়াই অব্যাহতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
একশ্রেণির অসাধু বালু ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে এ কান্ড চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে,স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় জাংছড়ি খাল থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে তারা। যা স্খানীয়দের মধ্যে মোহাম্মদ হাশেমসহ এলাকাবাসী অভিযোগ করেন এ প্রতিবেদকের কাছে।
স্থানীয় সূত্রনগুলো আরো জানান,, কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া থেকে ডাক্তার কাটাসহ বিভিন্ন পয়েন্টে গভীর রাতে এবং ভোরবেলায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং আশপাশের জমি ভাঙনের ঝুঁকিতে পড়ছে। অনেক স্থানে কৃষিজমি ধসে গিয়ে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখের আড়ালে এসব কার্যক্রম চললেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা অন্য স্থানে হয়। এসব এলাকায় সাময়িকভাবে বন্ধ থাকে। ফলে সেই সুযোগে ওই এলাকায় বালু উত্তোলন অব্যাহত থাকে।
পরিবেশবিদদের মতে,এ-সব স্থনে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীর তলদেশ গভীর হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বন্যা ও ভাঙনের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি এসিল্যান্ডকে অবগত করার কথা জানান।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি নির্দিষ্ট স্থান নির্ধারণ ও আইনানুগ প্রক্রিয়ায় বালু উত্তোলন নিশ্চিত করার আহ্বান জানান।









