রামুর কচ্ছপিয়া কে.জি. স্কুলে দুই দিনের বৃক্ষচারা বিতরণ শুরু

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া কে.জি. স্কুলে শিক্ষার্থীদের মাঝে দুই দিনব্যাপী ঔষধি, বনজ ও ফলদ বৃক্ষচারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা এসব চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
সোমবার (২৯ জুন) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডে শিফটের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম। বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি সদরের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম।
প্রধান শিক্ষিকা জানান, মঙ্গলবার (৩০ জুন) মর্নিং শিফটসহ বাকি সব শিক্ষার্থীর মধ্যে প্রায় দুই হাজার বৃক্ষচারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী টি কে রাকিব। তিনি বলেন, কচ্ছপিয়া কে.জি. স্কুল দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতা মাঈনুদ্দিন খালেদ ব্যক্তিগত ত্যাগ ও উদ্যোগের মাধ্যমে আধুনিক শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ২০১৪ সালে স্কুল থেকে পাওয়া একটি ঔষধি গাছের চারা তিনি নিজ বাড়িতে রোপণ করেছিলেন, যা এখন বড় গাছে পরিণত হয়েছে। নিবেদিতপ্রাণ শিক্ষা উদ্যোক্তাদের সরকারি সহায়তা বাড়লে দেশের শিক্ষার মান আরও উন্নত হবে।









