রামুতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রামু উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শুরু হয়েছে এ মেলা, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিল্লুর রহমান বলেন, “বর্তমান সরকার ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।”
তিনি আরও বলেন, “ভূমিসেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু, রামু প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম. আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
মেলায় আগত সেবাগ্রহীতাদের সরাসরি ভূমি-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন আবেদন পদ্ধতি ও নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রান্তিক জনগণের কাছে আধুনিক ও ঝামেলামুক্ত ভূমিসেবা পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।







