রামুতে যৌথ বাহিনীর অভিযান, দুই শীর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এবং গত শনিবার দুপুরে ইউনিয়নের পৃথক দুটি গ্রাম থেকে রাসেল (৩২) ও শোয়াইব (২৯) নামে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে সন্ত্রাসী রাসেলকে আটক করা হয়। এর আগে গত শনিবার দুপুরে একই ইউনিয়নের অন্য একটি এলাকা থেকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান শোয়াইবকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শোভন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যৌথ বাহিনী পৃথক অভিযানে দুই আসামিকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তাদের রামু থানায় হস্তান্তর করেছি এবং সেখান থেকে পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে।”
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









