রামুতে যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামে এক টমটম চালকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। এ ঘটনার পর থেকে তার স্ত্রী রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা ও টিকটকার হিসেবে পরিচিত তাহেরা বেগম আঁখি নিখোঁজ রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বিছানায় বাদলের গলাকাটা ও বীভৎস মরদেহ পড়ে থাকতে দেখে। লাশের অবস্থা দেখে পুলিশের ধারণা, অন্তত তিন দিন আগে তাকে অত্যন্ত নৃশংসভাবে শাসরুদ্ধ করে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, পরিবারের অমতে টিকটকার আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেননি। এই নিয়ে বিরোধের জেরে বাদল তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন।
রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (এমইউপি) স্বপন বড়ুয়া জানান: "নিহত বাদলের স্ত্রী আগে বিবাহিত হওয়ায় পরিবার এই বিয়ে মেনে নেয়নি। যার ফলে তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিলেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে সামাজিকভাবে আমরা বসে সেটি মিমাংসা করে দিয়েছিলাম।"
নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্ত্রী আঁখি নিজেই বাদলকে পরিকল্পিতভাবে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত তিন দিন ধরে আঁখির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
রামু থানা ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।







