রামুতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা: শিক্ষার মানোন্নয়নে ‘প্রজন্ম’ ৯৫-এর কার্যক্রম প্রশংসনীয়

কক্সবাজারের রামুতে সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বরূপ মুহুরী।
‘প্রজন্ম’ ৯৫-এর সভাপতি ড. বদিউল আলম পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনছুর ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন।
‘প্রজন্ম’ ৯৫-এর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, রামু সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইজত উল্লাহ এবং নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া।
অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার শর্মা, রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম খোরশেদ আলম, কক্সবাজার উইজডম গ্লোবাল স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম, বাঁকখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, জ্যোতিসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বড়ুয়া এবং রামু প্রেসক্লাব সভাপতি এম আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহ্বায়ক মো. নজিবুল আলম। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় বাঁকখালী উচ্চবিদ্যালয়ের ছাত্রী নাওশিন আনজুম তানহা। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা হাফেজ আবুল মঞ্জুর।
আয়োজকরা জানান, রামুতে শিক্ষার আলো ছড়াতে নবমবারের মতো ‘প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে ‘প্রজন্ম’ ৯৫ শিক্ষা ট্রাস্ট-এর আয়োজনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা। উপজেলার শিক্ষার প্রসার এবং মেধাবী প্রজন্ম গঠনে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমেই পরিচালিত হয় পুরো কার্যক্রম।
এবারের বৃত্তি পরীক্ষায় রামু উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে পাঁচজন ট্যালেন্টপুলে এবং ১১টি ইউনিয়ন থেকে ১১ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
‘প্রজন্ম’ ৯৫-এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ জানিয়েছেন, শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ‘প্রজন্ম’ ৯৫-এর এই উদ্যোগ ইতোমধ্যে রামু উপজেলায় ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামী দিনেও এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া ‘প্রজন্ম’ ৯৫-এর শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







