রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতুড়ি, শাবল, ধারালো দা ও লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ রাতে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিঃ) অনুপ কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে ছিলেন। এসময় রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম উমখালী এলাকায় দক্ষিণ মিঠাছড়ি বাজারে মোঃ আলমের দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবর পাওয়া যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দোকানের শাটার খোলার সময় তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন চাকমারকুল ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকার মৃত সুলতান আহমদের পুত্র মো: সাহাব উদ্দিন, আজিজুল হকের পুত্র মাকসুদুল হাসান জিহাদ ও আলি হোসেন সিকদার পাড়া এলাকার মনসুর আলমের পুত্র মাহফুজুর রহমান জুয়েল।
পুলিশ ধৃত আসামিদের হেফাজত থেকে একটি ১২ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত হাতুড়ি, একটি ৩৩ ইঞ্চি লম্বা শাবল, একটি ১৯ ইঞ্চি লম্বা ধারালো দা এবং একটি ৩৮ ইঞ্চি লম্বা কিরিচ উদ্ধার করে। পরে এসব অস্ত্র ১০ মার্চ রাত ১০টা ৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানা ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।







