রাবার বিক্রিতে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও চাষিদের হয়রানির অভিযোগে বান্দরবানে সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২-এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসিয়ার খন্দমনি চাকমার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং উপকারভোগী রাবার চাষীদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপকারভোগী চাষী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডাররা।
সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাবারের দর যাচাই-বাছাই ও বিক্রয় কমিটির কোনো সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে রাবার বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে বিক্রির হিসাব-নিকাশে অসংগতি সৃষ্টি হওয়ায় উপকারভোগী চাষীরা তাদের প্রাপ্য লাভের অংশ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেনারেল ম্যানেজার পিন্টু চাকমার নির্দেশে ওভারসিয়ার খন্দমনি চাকমা একক সিদ্ধান্তে রাবার প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। প্রয়োজনীয় ডিও লেটার ও দাপ্তরিক অনুমোদন ছাড়াই রাবার বিক্রি, অফিসের ৪৬ ড্রাম ফর্মিক এসিডের হিসাব সংরক্ষণে অনিয়ম, শ্রমিক নিয়োগে অনিয়ম, বিল-ভাউচার প্রক্রিয়ায় অসঙ্গতি এবং কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগও তুলে ধরেন বক্তারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় উপকারভোগী রাবার চাষীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা উপকারভোগীদের বাড়ি ও রাবার বাগানের বন্দোবস্ত দ্রুত সম্পন্ন করা, রাবার বিক্রিতে উন্মুক্ত টেন্ডার পদ্ধতি চালু করা, উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২-এর গ্রাম লিডার চাইসুই মং, সুকুমার তঞ্চঙ্গ্যাসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপকারভোগী রাবার চাষী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









