রাঙামাটি নানিয়ারচরে দীপেন দেওয়ান নেতৃত্বে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত 'রাষ্ট্র গঠনে ৩১ দফা'-র লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, সকালে সাপ্তাহিক হাটে আগত সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সাধারণ মানুষের হাতে হাতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট তুলে দেন তিনি।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, "তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। তিনি বলেন, "দেশের মানুষের অধিকার আজ বন্দী। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই এই দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।"
কর্মসূচির সঞ্চালনায় ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আব্দুল কাদের, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহদপ্তর সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হাসান, সদস্য সচিব মো. হেলাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় বাজারের বিভিন্ন দোকান, কৃষিপণ্য বিক্রেতা ও হাটে আসা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। স্থানীয় কৃষক, শ্রমজীবী ও ব্যবসায়ীরা দীপেন দেওয়ানসহ দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায্য অধিকার নিয়ে আলোচনা করেন।
কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ জনগণের মাঝে দলের রাষ্ট্রগঠন রূপরেখা তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন আহ্বান জানান। নানিয়ারচরসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে একইভাবে এই লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।







