রমজানের শিক্ষা মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান: লোহাগাড়ায় লায়ন হেলাল উদ্দিন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পথে চলতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে রাজনীতিকে মানুষের পাশে থাকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (১৫ মার্চ) লোহাগাড়া সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।






