মুসলিম এইড সাতকানিয়া শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, “বন্যার এই দুর্যোগে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। একই সঙ্গে বিভিন্ন বেসরকারি সংস্থা, সামাজিক ও মানবিক সংগঠন যেভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। এ জন্য আমি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
মঙ্গলবার (২১ জুলাই) সাতকানিয়া শাখা কার্যালয়ে মুসলিম এইড বাংলাদেশ-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী এমপি আরও বলেন, “দুর্যোগের সময় দল-মত নির্বিশেষে সবাইকে মানবিক দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহযোগিতার এই ধারা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান এবং মুসলিম এইড বাংলাদেশের ডাইরেক্টর অব অপারেশন মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুসলিম এইড বাংলাদেশের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শাহজাহান চৌধুরী এমপি সাতকানিয়ার নলুয়া এবং কাঞ্চনা ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন।






