মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে ‘ককটেল ২’
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে ‘ককটেল ২’

মুক্তির আগেই বক্স অফিস কাঁপাচ্ছে ‘ককটেল ২’
ছবি সংগৃহীত।

বলিউডে এবার নতুন ঝড় তুলতে আসছে বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’। বড় পর্দায় ছবিটির মুক্তি পেতে আর মাত্র একটি দিন বাকি। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিক্যুয়েল। অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে ইতোমধ্যেই খুশির হাওয়া সিনেমাটির প্রযোজকদের মনে।

ট্রেড ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যেই ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সংরক্ষিত আসন বাদ দিলেও ‘ককটেল ২’ ছবিটির অগ্রিম গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি।

আর যদি ব্লক সিটসহ হিসাব করা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে ৪ কোটি ৬৬ লাখ রুপি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের জোয়ার বক্স অফিসে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ‘ককটেল ২’ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই অঞ্চলেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯৬ লাখ রুপি। এর ঠিক পরেই রয়েছে মায়ানগরী মুম্বই, যেখান থেকে বুকিং এসেছে প্রায় ৬৪ লাখ।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার হিট সিনেমা ‘ককটেল’। সেই সময় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টির অনস্ক্রিন রসায়ন দর্শকহৃদয় জয় করেছিল। দীর্ঘ সময় পর নির্মিত এই সিক্যুয়েলে এসেছে বড় চমক। এবার সাইফ-দীপিকাদের বদলে রূপালি পর্দা মাতাতে আসছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি স্যানন। 




দিল্লির আন্দোলনে শাবানা, যোগ দিলেন প্রকাশ রাজও

দিল্লির আন্দোলনে শাবানা, যোগ দিলেন প্রকাশ রাজও
ছবি সংগৃহীত।

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে হাজির হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের দাবি সমর্থনের পাশাপাশি অনশন ভাঙার আহ্বানও জানান তারা।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনের শেষ পর্যায়ে যন্তর মন্তরে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন শাবানা আজমি ও প্রকাশ রাজ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল জোগান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান।

শাবানা আজমি বলেন, নতুন প্রজন্মের প্রতি তাদের প্রজন্ম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি আন্দোলনকারীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারেরও আহ্বান জানান।

প্রকাশ রাজও শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন। আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে তিনি সবসময়ই থাকবেন। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শাবানা আজমি, প্রকাশ রাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির আহ্বানের পর আন্দোলনরত তিন শিক্ষার্থী ২৩ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে, আন্দোলনের দাবিগুলো সংসদে উত্থাপন করা হবে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

তবে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক এখনো তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের সুষ্ঠু তদন্ত করতে হবে। এ দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।




দুরেফিশানের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন মেকআপ আর্টিস্ট

দুরেফিশানের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন মেকআপ আর্টিস্ট
ছবি সংগৃহীত।

বিনোদন জগতে তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের নেটদুনিয়ায় যা রটেছে, তা রীতিমতো বিনোদনপ্রেমীদের মনে ঝড় তুলেছে। হালের তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম নাকি চুটিয়ে প্রেম করছেন এক বিতর্কিত ইউটিউবারের সঙ্গে! শুধু প্রেমই নয়, জল নাকি বিয়ে পর্যন্ত গড়িয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো বেশ কিছু ভাইরাল পোস্টে এমনটাই দাবি করা হচ্ছে।

এর আগে দীর্ঘদিন ধরে সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মেতে ছিলেন ভক্তরা। ‘ইশক মুর্শিদ’ জুটির সেই রসায়নের চর্চা থিতু হতে না হতেই এবার যুক্ত হলো সম্পূর্ণ নতুন এক নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি করা হচ্ছে, পাকিস্তানের অন্যতম শীর্ষ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার রজব ভাটের সঙ্গে ‘গোপন সম্পর্কে’ জড়িয়েছেন এই অভিনেত্রী।

এমনকি তারা নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন। ইনস্টাগ্রামের কিছু ভাইরাল পোস্টের সূত্র ধরে এই খবর হু হু করে ছড়িয়ে পড়লেও ভক্তদের একটি বড় অংশ একে শুধু ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই গুঞ্জনের মাঝে জল ঘোলা করেছে দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশওয়া আনজুমের একটি মন্তব্য।

ভাইরাল হওয়া এমন একটি পোস্টের নিচে নিজের ক্ষোভ উগরে দিয়ে যশওয়া মন্তব্য করেন, ‘এগুলো দেখার এবং শোনার আগে আমি কেন অন্ধ এবং বধির হয়ে গেলাম না? আমি এটা সহ্য করতে পারছি না। এটি আমার শোনা সবচেয়ে বাজে খবর। আর এই মানুষকে বিয়ে করা? একেবারেই না। কোটি বছরেও নয়।’

মেকআপ আর্টিস্টের এমন মন্তব্যের পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, এই বিয়ের গুঞ্জন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সস্তা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। অবশ্য এই পুরো নাটকীয় বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দুরেফিশান সেলিম বা রজব ভাট কেউই প্রকাশ্যে কোনো মুখ খোলেননি।

উল্লেখ্য, ২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে দুরেফিশান সেলিমের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ এবং ‘সানওয়াল ইয়ার পিয়া’র মতো ব্লকবাস্টার নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ঝুলিতে পুরেছেন মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও। 




ব্রাজিলের জয়ে শোবিজ তারকারা কী বলছেন?

ব্রাজিলের জয়ে শোবিজ তারকারা কী বলছেন?
ছবি সংগৃহীত।

প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর উদযাপনে ফিরল ব্রাজিল। আজ সকালে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে চেনা দাপট দেখাল ফুটবল বিশ্বের এই পরাশক্তি। এ আনন্দের জোয়ার গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে।

ব্যতিক্রম নন বাংলাদেশি শোবিজ তারকারাও। ঢাকাই শোবিজের অনেক তারকা সেলেসাওদের সমর্থক। সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখেছেন, আর জয়ের পর প্রকাশ করেছেন আনন্দ ও উচ্ছ্বাস।
এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের পুরনো ভক্ত। ম্যাচের আগে একটি ভিডিও বার্তা দিয়ে প্রিয় দলের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। জয়ের পরও জানিয়েছেন প্রতিক্রিয়া। এছাড়া ব্রাজিলের পতাকা ও খেলোয়াড়দের নাম আঁকা একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। জানিয়েছেন, রঙ পেন্সিলে ছবিটি এঁকেছে তার বোনের পুত্র।

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক। প্রথম ম্যাচ নিয়ে তিনিও অবশ্য হতাশ ছিলেন। এক মুহূর্তের জন্য দল বদলের চিন্তাও এসেছিল মাথায়! তবে আজকের ম্যাচে মনোবল বেড়েছে তার। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় দলকে।

অভিনেতা পার্থ শেখের পছন্দের দলও ব্রাজিল। ব্রাজিলের সাদা রঙের একটি জার্সি পরে সেলফি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ফ্রেশ স্টার্ট’।

উপস্থাপক নীল হুরেরজাহান ক্রীড়াভক্ত মানুষ। পছন্দের দল ব্রাজিল। আজকের জয়ে ভীষণ আনন্দিত তিনি। লিখেছেন, ‘সাম্বা ফিরিয়ে এনেছে ব্রাজিল, তবে হাইতি লড়াইটা জারি রেখেছে। ব্রাজিল তাদের চেনা ছন্দ ফিরে পেয়েছে। এখন গ্রুপের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে ব্রাজিল।’

আরেক উপস্থাপক, অভিনেত্রী মৌসুমী মৌয়েরও প্রিয় দল ব্রাজিল। যদিও তিনিজানিয়েছেন, এবার পর্তুগাল কিংবা স্পেন বিশ্বকাপ জিততে পারে। আজকের ম্যাচের পর ব্রাজিলের জার্সি পরে দুটি ফুটবল কোলে নিয়ে হাসিমাখা ছবি দিয়েছেন মৌ। সঙ্গে সবাইকে জানিয়েছেন সকালের শুভেচ্ছা।

গায়িকা বিউটি শুভেচ্ছা জানিয়েছেন ভিডিওতে। তার ছেলেও ব্রাজিলের সমর্থক। ছেলের সঙ্গ ব্রাজিলের জার্সি পরে একটি ভিডিও দিয়েছেন তিনি। দুজনের উচ্ছ্বাসে ভক্তরাও খুশি।

শোবিজের প্রথম সারির অনেক তারকাও ব্রাজিলের সমর্থক। তবে আজকের ম্যাচ নিয়ে প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের কারোর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।