মাতামুহুরীর রামপুরে দুর্ধর্ষ ডাকাতি, প্রতিহত করতে গিয়ে যুবক গুরুতর আহত

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর কাজলী বাপের চর এলাকায় এক মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোমেন হেলালীর বাড়িতে বুধবার (১ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের প্রতিহত করতে গিয়ে দিদার নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে মৌলভির ছেলে দিদার সাহসিকতার সঙ্গে ডাকাতদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনি ডাকাত দলের এক সদস্যকে আটক করতে সক্ষম হন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত দিদারকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে স্থানান্তর করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে স্থানীয়রা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”







