ভুল নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে: নির্বাচন কমিশনার

বিগত সময়ের নির্বাচনগুলোতে দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, "জুলাই আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল দেশে প্রকৃত গণতন্ত্রের অনুপস্থিতি এবং বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন। অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক উত্তরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "আইনশৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব আপনাদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা—এই তিন মূলনীতির ওপর ভিত্তি করেই আগামী নির্বাচন পরিচালিত হবে।" কোনো অবস্থাতেই নির্বাচন বিঘ্নিত বা বিতর্কিত হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে সকালে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক সভায় অংশ নেন। জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এসব সভায় পুলিশ সুপার মো. আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিমসহ জেলা প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







