বোয়ালখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে

চট্টগ্রামের বোয়ালখালীতে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকভিত্তিক কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গৃহপালিত ও বেওয়ারিশ কুকুরকে এই টিকা প্রদান করা হবে।
আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে সভায় জানানো হয়, জলাতঙ্ক একটি মরণব্যাধি রোগ, যার মৃত্যুহার শতভাগ। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত হন। এই ঝুঁকি হ্রাসে সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে।
সভাপতির বক্তব্যে ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, "জলাতঙ্কের ভয়াবহতা বিবেচনায় সরকার বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ দিন উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম চলবে। কর্মসূচি সফল করতে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।"
প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা বলেন, "সচেতনতার অভাবে এখনও মানুষ জলাতঙ্কে আক্রান্ত হচ্ছে। পথকুকুরদের টিকাদানের মাধ্যমে একদিকে প্রাণী সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জনপদও ঝুঁকিমুক্ত থাকবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য ও সুপারভাইজার মো. কাওসার আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ।









