চট্টগ্রামে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
২০২০ সালে চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. রাজীব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে দণ্ডিতকে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে ভুক্তভোগী তরুণীর মা কর্মস্থলে থাকার সুযোগে রাজীব তাদের বাসায় যান। একপর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্ত ওয়াশরুমে গেলে তরুণী বাইরে থেকে দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন এসে রাজীবকে আটক করেন।
এ ঘটনায় ওই বছরের ৯ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় ভুক্তভোগীর মা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
বেঞ্চ সহকারী কফিল উদ্দীন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দিয়েছেন।










