বান্দরবানে সাচিং প্রু জেরী এমপি'র হস্তক্ষেপে তেল সরবরাহ করতে বাধ্য হলো ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ

বান্দরবানে তেল সংকটে বিপাকে পড়া পর্যটক ও স্থানীয়দের দুর্ভোগ লাঘবে বন্ধ থাকা ফিলিং স্টেশন খুলে নিজে দাঁড়িয়ে তেল বিতরণ করেছেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তিনি বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান। এসময় ফিলিং ষ্টেশনে মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এক পর্যায়ে
ফিলিং ষ্টেশনে পর্যাপ্ত তেল মজুদ থাকার পরেও তেল সরবরাহ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে উজমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গিয়ে মালিকপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি নিজে দাঁড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের মাঝে তেল বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় তিনি বলেন,আমরা বান্দরবানকে একটি আধুনিক পর্যটন নগরি হিসাবে গড়তে চাই। বান্দরবানে বেড়াতে আসা পর্যটকরা জ্বালানি তেলের অভাবে ভোগান্তির শিকার হবে তা মেনে নেয়া যায়না। কিছু অসাধু ব্যবসায়ী ফিলিং ষ্টেশন গুলোতে তেল মজুদ রেখে সরবরহ না করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়। পুনরায় এসব অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চরন করনে।









