বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় এর সংখ্যা অনেক বেশি। আগামীতে বাংলাদেশে ‘প্রক্সি টিচার’ বা ‘বর্গা টিচার’-এর কোনো জায়গা থাকবে না। মঙ্গলবার (১১ মে) দুপুরে এক দিনের সফরে বান্দরবান জেলা সদরের রেইচা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ সময় তিনি বলেন, চাকরি হিসেবে নয়, শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগ প্রাথমিকের শিক্ষার্থী বাংলা, গণিতসহ অন্যান্য বিষয়ে যতটুকু জানার কথা তারা তা জানে না। আপনারা শিক্ষকরা যেদিন থেকে পড়ানো শুরু করবেন সেদিন থেকে সব শিশু শিক্ষিত হবে। তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অনেক নিচে নেমে এসেছিল, এটি সম্পূর্ণভাবে বদলে দেওয়া হবে।
এর আগে তিনি রেইচা পিটিআই ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় পিটিআই-এর শিক্ষকদের সাথে আলোচনার পাশাপাশি তাদের সমস্যার কথা শোনেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআই-এর সুপারিনটেনডেন্ট ফজলুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।









