বান্দরবানে খেলোয়াড়দের মাঝে ঈদ ও সাংগ্রাই উপহার বিতরণ

বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর ও মারমা সম্প্রদায়ের উৎসব ‘সাংগ্রাই’ উপলক্ষে স্থানীয় খেলোয়াড় ও প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বলের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি। অনুষ্ঠানে ফুটবল, হকি ও সাইক্লিং-সহ বিভিন্ন ইভেন্টের ২০ জন খেলোয়াড় ও সংগঠককে খাদ্য সহায়তা এবং দুটি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মারুফা সুলতানা খান হীরামনি বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে খেলোয়াড় ও ক্রীড়া পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। এটি উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করবে।”
আয়োজক লুৎফুর রহমান উজ্জ্বল জানান, প্রতি বছরই নিজস্ব অর্থায়নে তিনি স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে এই উপহার প্রদান করেন। অনুষ্ঠানে বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এম. এ. মোমেন চৌধুরীসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।









