বান্দরবানের দূর্গম পাহাড়ী এালাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল মানবিক সহায়তা

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
মঙ্গলবার (১৭ মার্চ) বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বাকলাই পাড়া সেনা সাবজোনের অধীন বিভিন্ন পাহাড়ি পাড়ায় এ সহায়তা প্রদান করা হয়। সহায়তার অংশ হিসেবে কংলাই পাড়ার উপাসনালয়ের জন্য ব্যাটারি, বুলুম পাড়ার উপাসনালয়ের জন্য সোলার প্যানেল (এর আগে ব্যাটারি প্রদান করা হয়েছিল) এবং কাইতন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল, সোলার ব্যাটারি, সোলার ফ্যান ও সোলার লাইট দেওয়া হয়।
‘দি ম্যাজেস্টিক টাইগার্স’-এর অধিনায়কের পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন বাকলাই পাড়া সেনা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন শাফকাত মুবাররাত চৌধুরী।
এ সময় সেনা সাবজোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা ও কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। এলাকাবাসীর নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত সেনা টহলও জোরদার করা হয়েছে।
মানবিক সহায়তা পেয়ে কাইতন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল ত্রিপুরা বলেন, বিদ্যালয়ে সোলার ফ্যানের ব্যবস্থা হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা গ্রীষ্মকালের তীব্র গরমেও আরামদায়ক পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণ করতে পারবে। এজন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের সহায়তা তাদের জীবনযাত্রাকে সহজ করে তুলছে। তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য উৎসাহ ও সহায়তার বড় উৎস হয়ে উঠেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দেশের দুর্গম পার্বত্য এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।









