বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর রক্ষণাবেক্ষণ কাজের দৃষ্টান্ত থানচি-চিম্বুক সড়ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর রক্ষণাবেক্ষণ কাজের দৃষ্টান্ত থানচি-চিম্বুক সড়ক

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর রক্ষণাবেক্ষণ কাজের দৃষ্টান্ত থানচি-চিম্বুক সড়ক
ছবি সংগৃহীত।

পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি–চিম্বুক সড়কের ৩৪ কিলোমিটার অংশে মাসব্যাপী রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী-এর ১৭ ইসিবি ইউনিট। ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ১৭ ইসিবি'র তত্ত্বাবধানে থানচি–চিম্বুক রক্ষণাবেক্ষণ প্রকল্পের অধীনে থানচি হতে ক্যাফে নীল (কাপ্রু পাড়া) পর্যন্ত এ কাজ গত জানুয়ারির শুরু থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হয়।
বেশকিছু দিন ধরে পাহাড়ি এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও ঝুঁকিপূর্ণ অংশ থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত। 
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক বাইকার সাব্বির বলেন, “গত নভেম্বর মাসে থানচিতে এসেছিলাম। তখন নীলগিরি পার হয়ে জীবননগরসহ বিভিন্ন স্থানে সড়কে অসংখ্য গর্ত ছিল। এবার এসে দেখলাম পুরো চিত্র বদলে গেছে। এখন রাস্তা দেখে মনে হচ্ছে মহাসড়ক।”
পর্যটকবাহী জীপচালক মানিক মিয়া জানান, বর্ষাকালে গর্তভরা সড়কে গাড়ি চালাতে গিয়ে চালকদের চরম ঝুঁকির মধ্যে পড়তে হতো। তিনি বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে থানচি ও নীলগিরি রোডে পর্যটকের চাপ বাড়বে। সময়মতো সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনী ও ১৭ ইসিবিকে ধন্যবাদ জানাই।”
থানচি থেকে প্রায় ২১ কিলোমিটার দূরের এক গ্রামবাসী জানান, সড়ক সংস্কারের সময় তাদের অনুরোধে গ্রামের পাশে একটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, “আগে দ্রুতগতির গাড়ির কারণে শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। এখন স্পিডব্রেকার থাকায় ঝুঁকি অনেক কমেছে। আগের তুলনায় রাস্তা অনেক সুন্দর ও নিরাপদ হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ১৭ ইসিবি'র প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিকদের বলেন, “থানচি থেকে ক্যাফে নীল পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজ এমনভাবে সম্পন্ন হয়েছে, যা পাহাড়ি রাস্তা বলে মনে হবে না। এটি এখন অনেকটাই নতুন মহাসড়কের মতো। যানবাহন চালক, যাত্রী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য।” তাঁরা আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সড়কটির উন্নয়নের ফলে আসন্ন পর্যটন মৌসুমে থানচি ও নীলগিরি অভিমুখে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”