বাঁশখালী কওমি মাদ্রাসা বৃত্তি পরীক্ষায় আজিজিয়া মাদ্রাসার জয়জয়কার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কওমি মাদ্রাসা সংস্থার বৃত্তি পরীক্ষায় নূরানি বিভাগে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিম চাম্বল ডিপুটিঘোনা আজিজিয়া বালক-বালিকা মাদরাসার দুই শিক্ষার্থী। গতকাল আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মেধাতালিকায় স্থান পাওয়া এই প্রতিষ্ঠানের মোট পাঁচজন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
সংস্থা সূত্রে জানা গেছে, নূরানি ৩য় বর্ষের শিক্ষার্থী আফরা ইবনাত সামারা ও জান্নাতুল মারিয়া পুরো উপজেলায় যৌথভাবে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া একই মাদরাসা থেকে মোছাম্মৎ আফরোজা ৪র্থ, শাহীন সোলতানা ৫ম এবং মিনহাজ উদ্দিন ৮ম স্থান অধিকার করেছেন।
কওমি মাদ্রাসা সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মছরুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সংস্থার নির্বাহী সচিব মাওলানা ফুজাইল বিন আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা অলিউল্লাহ কাসেমী ও হাফেজ জাহেদুল ইসলামসহ উপজেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আজিজিয়া বালক-বালিকা মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদউল্লাহ বলেন, "শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য শিক্ষক ও অভিভাবকদের পরিশ্রমের ফসল। আমরা মানসম্মত দ্বীনি শিক্ষা প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।" অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার শিক্ষকদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।






