বাঁশখালীতে ১০ হাজার বন্যাদুর্গতের পাশে শাহজাহান চৌধুরী
বাঁশখালীর বন্যা দূর্গত ১০ হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান চৌধুরী। বন্যা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত তিনি এই সহায়তা দেন।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নিজের ৩টি বসতবাড়ি বন্যার্থদের থাকার জন্য ছেড়ে দিয়ে নিজে একটি কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছেন। ওই কমিউনিটি সেন্টার ভাড়া করে স্থাপন করেছেন ত্রাণ সহায়তা ক্যাম্প। মঙ্গলবার ১ হাজার ২০০ জন মানুষ চিকিৎসা ওষুধপত্র, পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন।
স্থানীয়রা জানান, বন্যায় যখন বিশুদ্ধ পানির সংকট, নেই বিদ্যুৎ সংযোগ। তখন শাহজাহান চৌধুরী জেনারেটর ক্রয় করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। কাথরিয়া ইউনিয়নে স্থাপন করেছেন ১০টি আশ্রয় কেন্দ্র। প্রতিদিন কমিউনিটি সেন্টারে খাবার রান্না করে পৌঁছে দিচ্ছেন বন্যা দূর্গত মানুষের দ্বারে দ্বারে। আলহাজ্ব শাহজাহান চৌধুরী জানান, তিনি এবং তার পরিবারের সদস্যরাও যে দিকে পারেন বন্যার্থদের সহায়তা দিয়ে যাচ্ছেন। মানবতা যখন বিপদে তখন আমরা বসে থাকতে পারিনা।
আলহাজ্ব শাহজাহান চৌধুরীর এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারও। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পযর্ন্ত তার এই কার্যক্রম চলবে বলে জানা গেছে।






