বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুইজন নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার এলাকায় মাছবাহী ড্যাম্পার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কক্সবাজারের মহেশখালীর দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাহাদুর আলম (২৮) ও বড় মহেশখালী ইউনিয়নের আবু ছরওয়ার নোমান (৩৪)। এর মধ্যে বাহাদুর আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত নোমানকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামগামী অটোরিকশাটি মনছুরিয়া বাজারের গরুরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ড্যাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।
বাঁশখালী থানার এসআই জামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিহত বাহাদুর আলম এক সন্তানের জনক এবং নোমান দুই সন্তানের জনক ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






