বাঁশখালীতে রিজভী ও মীর হেলাল, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং ত্রাণ কার্যক্রমে অংশ নিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যান মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
সফরকালে তারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তারা বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রুহুল কবির রিজভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং তাদের পাশে দাঁড়াতে এখানে এসেছি।”
পরে বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মদ্দ্যার বর বাড়ি এলাকায় স্থানীয় বন্যাদুর্গতদের মাঝে সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।






