বাঁশখালীতে বৃদ্ধের ওপর হামলা, টাকা ও মোবাইল ফোন ছিনতাই

বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ১ নম্বর ওয়ার্ড এলাকায় মুহসেন আলী প্রকাশ নবী হোসন মাঝি নামে এক বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে তাঁর কাছ থেকে দামি মোবাইল ফোন এবং ১ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত বৃদ্ধ নবী হোসন মাঝি পশ্চিম চাম্বল এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
জানা গেছে, বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার মুহসেন আলী প্রকাশ নবী হোসন মাঝি সকালে তাঁর মালিকানাধীন ফিশিং ট্রলারের জন্য গাছ ও তক্তা কিনতে নিজ বাড়ি থেকে চাম্বল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সৈয়দ আহমদের ছেলে সুলতান আহমদ এবং তাঁর ছেলে জসিম ও আবদুর রহিমের নেতৃত্বে প্রতিপক্ষরা তাঁর পথরোধ করে হামলা চালায়।
তারা তাঁকে দা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে তাঁর কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ও দামি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।
আহত বৃদ্ধ নবী হোসন মাঝি জানান, তাঁকে এর আগেও হামলা এবং মারধর করা হয়েছে। এমনকি তাঁকে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হয়। ওই মিথ্যা মামলায় সোমবার জামিন পেয়ে মঙ্গলবার নিজ ফিশিং ট্রলারের জন্য গাছ ও তক্তা কিনতে যাওয়ার সময় তাঁর ওপর এই হামলা চালানো হয়।
আহত বৃদ্ধ নবী হোসন মাঝিকে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।






